দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার জামায়াতের সঙ্গে কোনো আলোচনা করেনি। এমনকি সরকারের কোনো প্রতিনিধিও এ বিষয়ে একটি শব্দও উচ্চারণ করেননি।
শুক্রবার (১৫ মে) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, সরকার গণভোটকে অগ্রাহ্য করেছে এবং জনগণের রায়কে যথাযথ গুরুত্ব দেয়নি। গণভোট-পরবর্তী জনমতের বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও পুনর্ব্যক্ত করেন জামায়াত আমীর। তিনি বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
আসন্ন নির্বাচন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। সাম্প্রতিক দুটি সংসদীয় আসনের উপনির্বাচনের প্রসঙ্গ তুলে নির্বাচন ব্যবস্থা নিয়ে শঙ্কার কথা জানান।
এর আগে সকালে রংপুর বিভাগীয় আমীর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ডা. শফিকুর রহমান। সেখানে তিনি নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার যেসব নির্বাচন অনুষ্ঠিত হবে, সেগুলোতে জামায়াতে ইসলামী এককভাবে অংশ নেবে। এ বিষয়ে শরিক দলগুলোকে ইতোমধ্যে জানানো হয়েছে বলেও জানান তিনি।
দিনব্যাপী কর্মসূচিতে রংপুর-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, রংপুর-দিনাজপুর অঞ্চল জামায়াতের পরিচালক মাওলানা আব্দুল হালিম, রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএস/